
ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসিঃ চলতি বছরের শেষ দিকেই দেশে লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। আর সেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার প্রস্তুতি শুরু করে দিল পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই উপলক্ষে বুদবুদ হিন্দি স্কুলের মাঠে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত হল এক বিরাট কর্মী সভা। ১৪১ জন পঞ্চায়েত প্রার্থী, ২৭ জন পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তিনটি জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে শুরু হয় এই প্রস্তুতি সভা। এদিন প্রতি বুথের ২০ জন করে কর্মী নিয়ে একটি কমিটি তৈরী করার কথা বলেন ব্লক তৃনমূল সভাপতি জাকির হোসেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন, গলসি ১ ব্লক তৃনমূল সভাপতি জাকির হোসেন, জেলা সাধারন সম্পাদক কাঞ্চন কাজী, জেলা পরিষদের নব বিজয়ী প্রার্থী নুরনেশা বেগম, মেহেবুব মন্ডল, যুব নেতা রানা চ্যাটার্জ্জী, পঞ্চায়েত সমিতির সদস্যা ফরিদা ইয়াসমিন প্রমুখ।

জানা গেছে, ঈদের আগের দিন থেকে এলাকার দুতিনটি গ্রামে অশান্তির বাতাবরন চলছে। এলাকায় গোষ্ঠী তৈরী করছে কিছু কর্মী। আর তার থেকেই শুরু হয়েছে গোষ্ঠীদন্ধ, চলছে বোমাবাজি। এদিন এই সভা থেকে দলের কর্মীদের নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানান জাকির হোসেন।
দলের কর্মীদের তিনি হুসিয়ারি দিয়ে বলেন, যারা দলের উন্নয়ন ছেড়ে মারামারি করতে চাইছে, দল তার পাশে থাকবে না। মারামারি করলে তার দায় দল নেবে না। যারা মারামারি করবে কিছু অঘটন ঘটলে তার দায় তাদের নিজেদেরকেই নিতে হবে। যারা ওই অশান্তি করছে তারা যেই হোক তাদের পাশে দল থাকবে না। তিনি জানিয়ে দেন, যেখানে সেখানে খুশিমতো মিটিং করা যাবে না। মিটিং করলে দলের অনুমতি নিয়ে করতে হবে। তাছাড়া তিনি আরও বলেন, এলাকার যে সমস্থ কর্মীরা সমিতির কর্মাধক্ষ্য, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি ছাড়াও বিভিন্ন পদের আশা করছেন, তাদের তিনি এদিন সতর্ক করে বলেন, ব্লক নেতৃত্বের হাতে কোন পদ নেই, জেলা নেতৃত্ব ওই পদ ঠিক করবে। আর তারজন্য যোগ্যতা থাকতে হবে। এদিনের সভা থেকে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন লোকসভা ভোটের জন্য মাঠে নেমে পরার ডাক দেন সমস্ত স্তরের নেতা কর্মীদের।
