Headlines
Loading...
আরামবাগে মনোনয়ন পত্র তুলতে এসে হামলার শিকার জেলা পরিষদের বিজেপি প্রার্থী।

আরামবাগে মনোনয়ন পত্র তুলতে এসে হামলার শিকার জেলা পরিষদের বিজেপি প্রার্থী।



ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগ:ত্রিস্তর পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র তোলা এবং জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি অব্যাহত। আবারও মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগ মহকুমা কার্যালয় অফিস চত্বরে। এদিন নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তুলতে এসে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী বিলাস লক্ষ্মণ। তাঁকে আরামবাগ মহকুমাশাসক কার্যালয় অফিসের মধ্যে থেকে প্রথমে ফুসলিয়ে এবং তারপর মেরে বের করে দেয় দু’জন। তারা তৃণমূল কর্মী বলে পরিচিত । যদিও সকাল থেকেই অফিসের বাইরে শতাধিক তৃণমূল কর্মী জড়ো হয়েছিলেন এদিন। 

জেলা বিজেপির পক্ষ থেকে জানান হয়েছে ,এদিন জেলা পরিষদের ৪১ নম্বর আসনে মনোনয়ন পত্র তুলতে এসেছিলেন খানাকুলের গোবিন্দপুরের বাসিন্দা বিলাস লক্ষ্মণ। তাঁর সঙ্গে প্রস্তাবক হিসেবে হাজির ছিলেন বিজেপির খানাকুল মণ্ডলের নেতা তপন মণ্ডল। 



অভিযোগ, মহকুমাশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র তোলার সময় ম্যাজিস্ট্রেটের সামনে থেকেই তাঁকে ফুঁসলিয়ে ম্যাজিস্ট্রেটের অফিস রুমের বাইরে আনা হয়। তারপর তাঁকে মারধর করতে থাকে দু’জন। মারতে মারতে মহকুমাশাসক কার্যালয় বিল্ডিং এর সিঁড়ি দিয়ে নামানো হয়। বাইরে নিয়ে গিয়ে তাঁর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। চেষ্টা করলেও ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবব্রত রায় পরিস্থিতি সামলাতে পারেননি। তাঁর সামনেই চলে মারধর। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ওই বিজেপি নেতাকে উদ্ধার করেন। 

এই ঘটনার ঘন্টাখানেক পরে আরামবাগ মহকুমা শাসক কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় গোঘাট ২ ব্লকের বিজেপি যুব মোর্চার আরো এক নেতাকে ধরে মারধোর শুরু করলে তিনি কোনক্রমে পল্লীশ্রীর দিকে ছুটে পালিয়ে যান।

বিজেপির তরফে অভিযোগ জানানো হলেও, আক্রমণকারীরা নিজেদের তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দেয়নি। উলটে তাদের দাবি, ওই ব্যাক্তিরা তাদের থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করেন নি। দেখাও করছিলেন না। এখানে দেখতে পেয়ে তাঁদের ধরা হয়েছিল। মারধোর করা হয়নি। 

আরামবাগ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি স্বপন নন্দী বলেন, আলু ব্যবসায়ী ও চাষির ব্যাপার। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। ব‍্যক্তিগত সমস্যা নিয়েও কিছু ঘটলে বিরোধীরা এখন তৃণমূল দলকে দায়ী করছে।এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});