
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:ত্রিস্তর পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রুবার তীব্র উত্তেজনা ছড়াল বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বরে। কার্যত মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে প্রশাসনের জারী করা ১৪৪ ধারা লঙ্ঘন করে এদিন সকাল থেকেই শাসকদলের সমর্থকরা ব্যাপক জমায়েত করে রাখলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল। এমনকি পুলিশের সামনেই মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল বিজেপি প্রার্থীর সঙ্গে আসা কর্মীদের।খোদ নমিনেশনের টেবিলেই প্রকাশ্যে সকলের সামনে বিজেপির খণ্ডঘোষের ৩নং জেলাপরিষদ আসনে মহিলা প্রার্থী শম্পা মাথুরের ব্লাউজ ছিঁড়ে দিয়ে তাঁর মনোনয়ন পত্র ছিঁড়ে দিলেন তৃণমূলের মহিলা নেত্রীরা। উল্লেখ্য, শম্পা মাথুরের ওপর এই অত্যাচারের সময় ওই ঘরেই হাজির ছিলেন বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক অনির্বাণ কোলেও।
এদিকে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা না নেওয়ায় এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছে জেলা বিজেপি।
এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারী করা রয়েছে, সেখানে কিভাবে তৃণমূল সমর্থকদের ঢুকতে দিল বর্ধমান থানার পুলিশ। এমনকি খোদ বর্ধমান থানার আইসি তুষারকান্তি কর নিজে এদিন হাজির ছিলেন। তাঁদের সামনেই এদিন তৃণমূলের নেতা-নেত্রীরা রীতিমত মারধোর করে ধাক্কা দিয়ে বার করে দেয় বিজেপি এবং এসইউসিআই প্রার্থীদের। বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূলের মহিলা নেত্রীরা কিভাবে মনোনয়ন কেন্দ্রের মধ্যে সারাক্ষণ ছিলেন? মহকুমা শাসক কেন কোন ব্যবস্থা নিলেন না? বিজেপি এদিন সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবারও আবেদন জানিয়েছে।
বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেন, এদিন তৃণমূল নেতাদের হাতে মার খেয়েছেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য দেবাশীষ সরকার, জেলা মহিলা সভানেত্রী কল্পনা ঘোষ, প্রার্থী সুভাষ দত্তরাও। এই ঘটনার প্রতিবাদে এদিন জেলা বিজেপি বাদামতলায় রাস্তা অবরোধও করেন। পরে জেলা পুলিশ সুপারের অফিসেও বিক্ষোভ দেখান।
ছবি - সুরজ প্রসাদ

