ফোকাস বেঙ্গল ডেস্কঃ রাতবিরেতে প্রয়োজনে ওষুধের জন্য অনেককেই হয়রান হতে হয় প্রায়ই।হাজার দৌড়াদোড়ি করেও পাওয়া যায় না দরকারি ওষুধ। প্রায় প্রতিদিনই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অনেককেই। কিন্তু এবার থেকে এই সমস্যার সমাধান হতে চলেছে।কারণ এবার থেকে পেট্রল পাম্পেই পাবেন জরুরি ওষুধ। শুধু ওষুধই নয়, সঙ্গে পাওয়া যাবে মুদিখানার সামগ্রী,এমনকি ইলিক্ট্রিকের দ্রব্যাদিও।
সরকার সিদ্ধান্ত নিয়েছে,ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের পেট্রল পাম্পগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে বলে। সস্তায় ও সহজে যাতে মানুষের হাতে ওষুধ পৌঁছানো যায় তার জন্যই 'জন ঔষধি' নামের এই প্রকল্প চালু করছে সরকার।
পরিষেবাগুলি চালু করার জন্য বিদ্যুৎ মন্ত্রী পীযুষ গোয়েলের উপস্থিতিতে এই তিন পেট্রল সংস্থার সঙ্গে মউ সাক্ষর করেছেন পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী জানিয়েছেন,এই প্রকল্প অনুযায়ী, ৯ ওয়াটের এলইডি বাল্ব পাওয়া যাবে ৭০ টাকায়, ২০ ওয়াটের এলইডি টিউব লাইট পাওয়া যাবে ২২০ টাকায় এবং ফাইভ স্টার রেটেড সিলিং ফ্যান পাওয়া যাবে ১২০০ টাকায়।
ইতিমধ্যেই 'উজালা প্রকল্প' অনুযায়ী ২৫.৫ কোটি এলইডি বাল্ব, ৩০.৬ লক্ষ টিউবলাইট এবং ১১.৫ লক্ষ ফ্যান বণ্টন করা হয়েছে সারা দেশে।
আপাতত উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পেট্রল পাম্পগুলিতে এই পরিষেবা শুরু করা হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যের পেট্রল পাম্পগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে।
দেশের মোট ৫৫ হাজার পেট্রল পাম্পে পাওয়া যাবে ওষুধ, এলইডি বাল্ব এবং মুদিখানার প্রয়োজনীয় সামগ্রী।

