ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মদিবস পালন হল গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান শহরের কোর্ট কম্পাউণ্ডে। এখানে নেতাজী মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু,জেলাশাসক বিজয় ভারতী, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী, রজত নন্দা প্রমুখরা।
এদিন বর্ধমান জেলা কংগ্রেস ভবনে নেতাজী মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আভাষ ভট্টাচার্য,কার্যকরী সভাপতি কাশীনাথ গাঙ্গুলী, নাজির হোসেন,বাবলু দাস সহ জেলা নেতৃত্বরা। এদিন শহরের কালীবাজারে জেলা তৃণমূল কংগ্রেস ভবনেও নেতাজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।

বর্ধমানের টাউনহল পাড়া নেতাজী সংঘের উদ্যোগে এদিন প্রায় ২০০ শিশুদের মধ্যে খাতা, পেন বিতরণ করা হয়। আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এরই পাশাপাশি নেতাজী জন্মজয়ন্তীকে সামনে রেখে বর্ধমান লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে ২৫০ জন অংশ নেয়। এছাড়াও শিশু স্বাস্থ্য প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১০০ জন শিশু।

এদিন পশুপ্রেমী সংস্থা ভয়েস ফর ভয়েসলেসের পক্ষ থেকে আদিবাসী মহিলাদের নিয়ে একটি শোভাযাত্রা করা হয় নীলপুর থেকে। শেষ হয় কোর্ট কম্পাউণ্ডের নেতাজী মূর্তির পাদদেশে। সেখানে সংস্থার সদস্যরা নেতাজী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, বর্ধমান মেডিকেল ও ডেন্টাল কলেজ ইউনিট র পক্ষ থেকে ২৩ জানুয়ারি দিনটি কে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে পালন করা হল। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেতাজির ছবিতে মাল্যদান ও মানববন্ধন এর মধ্য দিয়ে পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাক্তার, ডাক্তারী ছাত্রছাত্রী সহ বহু রোগীর পরিজন।
