Headlines
Loading...
ছাত্র যুব উৎসবে অঙ্কন প্রতিযোগিতায় স্বজন পোষণের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আউশগ্রামের অঙ্কিতা

ছাত্র যুব উৎসবে অঙ্কন প্রতিযোগিতায় স্বজন পোষণের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আউশগ্রামের অঙ্কিতা


ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: ছাত্র যুব উৎসবে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার তাকে প্রাপ্য সন্মান না দেওয়ার অভিযোগ নিয়ে এবার খোদ মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে চলেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকের আদুরিয়া গ্রামের বাসিন্দা এবং দিবাকর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ধীবর। ইতিমধ্যেই এই বিষয়ে অঙ্কিতা জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে।

অঙ্কিতা জানিয়েছে, সে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ইতিমধ্যেই সে বিভিন্ন প্রতিযোগিতা থেকে প্রশংসাও পেয়েছে। কিন্তু সম্প্রতি ১৮ জানুয়ারী আউশগ্রামে ছাত্র যুব উৎসবের অনুষ্ঠানে যে অঙ্কন প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় সে রীতিমত ভাল ছবি আঁকলেও তাকে তৃতীয় স্থান দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। সে জানিয়েছে, যাদের প্রথম ও দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে তাদের থেকে সে কোনোভাবেই খারাপ আঁকেননি। 

অঙ্কিতা জানিয়েছেন, তাকে তৃতীয় স্থান দেওয়ায় রাজ্য স্তরের প্রতিযোগিতায় সে এবার যেতে পারল না। এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হয়েছে বলে সে ইতিমধ্যেই জেলাশাসক, ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগে জানিয়েছে। অঙ্কিতার বাবা গৌর ধীবর জানিয়েছেন, তীব্র আর্থিক কষ্টের মধ্যেই তিনি তাঁর মেয়ের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু বারবার তাঁর মেয়েকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। 

গৌর বাবু অভিযোগ করেছেন, বিগত বছরেও একইভাবে অঙ্কিতাকে বাদ দেওয়া হয়েছে - যাতে সে রাজ্য স্তরের প্রতিযোগিতায় যেতে না পারে। রীতিমত স্বজন পোষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছে্ন, জেলা প্রশাসনের কাছে তাঁর মেয়ে সুবিচার চেয়েছে। এখনও এব্যাপারে তিনি কোনো উত্তর পাননি। তাই গোটা বিষয়টি নিয়ে তিনি এবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন। বিগত দিনে অঙ্কিতা কোথায় কোথায় অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং সে কি যোগ্যতা অর্জন করেছে এবং কি শংসাপত্র পেয়েছে সব তথ্য নিয়েই তিনি এবার হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রীর দরবারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});