ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: পুজোর আর কটা দিন বাকি। পাড়ার অন্য সব বন্ধুদের নতুন জামা কাপড় কিনে দিয়েছেন তাদের বাবা মা। কিন্তু খেতমজুর বাবা তাঁর মেয়েকে এখনো কিনে দিতে পারেননি জামা। আর তা নিয়েই বাবার সাথে মনোমালিন্য হয় মেয়ের। আর সেই কারণে বুধবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো সপ্তম শ্রেণীর কিশোরী। মৃত ওই কিশোরীর নাম ফুলি মালিক(১৪)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার কল্যাণপুর পঞ্চায়েতের সর্বমঙ্গলা গ্রামে।
পুজো উপলক্ষে স্কুলপড়ুয়া ফুলি মালিকের বন্ধুদের নতুন জামাকাপড় হয়ে গেছিল। তাই বাবার কাছে আবদার করে জামা কিনে দেওয়ার কথা জানিয়েছিল সে, কিন্তু বাবার হাতে পয়সা না থাকার কারণে বাবা জানায় কদিন পরে কিনে দেবেন। আর তার জেরেই অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ছাত্রীটি। মর্মান্তিক এই ঘটনার পরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
