
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ভোটের মুখে দেওয়াল লিখনের পর বাড়ি ফেরার সময় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ১৬ নং ওয়ার্ডের মীরছোবা এলাকায়। স্থানীয় তৃণমুল নেতা নাড়ু ভগত এর অনুগামীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ জন তৃণমূল কংগ্রেস কর্মী। এদের মধ্যে শেখ ইনসান, মুন্না শর্মা ও বাবিন দাসের আঘাত গুরুতর। আহত তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তার মধ্যে একজনকে কলকাতায় পিজিতে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ নং ওয়ার্ডে ২০১৩ সাল থেকে নাড়ু ভগত এবং রাসবিহারী হালদার গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। যদিও বর্ধমান শহর ছাত্র পরিষদের সভাপতি রাস বিহারী হালদার জানিয়েছেন, এটা দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কোনো দুস্কৃতির দল কর্মীদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে, আহত মুন্না শর্মা জানিয়েছেন তৃণমূলেরই আর এক গোষ্ঠী তাদেরকে দাঁড় করিয়ে রড লাঠি বাঁশ দিয়ে আঘাত করেছে। এব্যাপারে নাড়ু ভগতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। আহতদের পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভোটের মুখে খোদ বর্ধমান শহরে তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
