Headlines
Loading...
বর্ধমানে পুলিশের পোশাক পরে ভয়াবহ ডাকাতি নির্মীয়মান সাব স্টেশনে

বর্ধমানে পুলিশের পোশাক পরে ভয়াবহ ডাকাতি নির্মীয়মান সাব স্টেশনে



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ  পুলিশের পোশাক পরে পুলিশের নিজস্ব সংকেতকে কাজে লাগিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বর্ধমানের দেওয়ানদিঘী থানার বণ্ডুল গ্রামে নির্মীয়মাণ বিদ্যুত দপ্তরের একটি সাবষ্টেশনে। সাড়ে আট কোটি টাকা ব্যায়ে কেন্দ্রীয় সরকারের দীনদয়াল উপাধ্যায় বিদ্যুতায়ন প্রকল্পে এই সাব স্টেশনটি তৈরী করছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কাছ থেকে টেন্ডারের মাধ্যমে কাজের বরাত পেয়েছিলেন রিজা কনস্ট্রাকশন নামে একটি সংস্থা। এর আগে এই সংস্থাটি মন্ডলগ্রামেও একই প্রজেক্টের কাজ করেছে। ফেব্রুয়ারি মাস থেকে এই সাব স্টেশনটি চালু হবারও কথা ছিল। তারই মাঝে এই ভয়াবহ ডাকাতির ঘটনায় সামগ্রিক কাজে ব্যাপক বাধা সৃষ্টি হল বলেই মনে করছেন দপ্তরের আধিকারিকরা। 

রিজা কনস্ট্রাকশনের মালিক মিনহাজউদ্দিন আহমেদ জানিয়েছেন,প্রাথমিকভাবে প্রায় কুড়ি লক্ষ টাকার জিনিস ডাকাতরা নিয়ে গিয়েছে বলে তাঁরা মনে করছেন। তিনি জানিয়েছেন, ডাকাতদল দুটো ইলেকট্রিক কাটার, ভাইব্রেটার মেশিন, ২টি পাম্প মেশিন, ট্রান্সফরমারের জিনিস, ২৬৩ পিস লোহার নানা ধরণের সামগ্রী নিয়ে পালিয়েছে। একইসঙ্গে নিরাপত্তাকর্মীদের কাছে থাকা তিনটি মোবাইলও ডাকাতদল নিয়ে গেছে। তিনি জানিয়েছেন, রাত্রি সাড়ে ন’টা থেকে আড়াইটা অবধি এই অপারেশন চালায় ডাকাতদলটি। 

এদিন নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, গত কাল রাত সাড়ে নটা নাগাদ চারজন পুলিশের পোশাক পরে সশস্ত্র অবস্থায় ভিতরে ঢুকে সংস্থার ৪ নিরাপত্তাকর্মীকে দড়ি দিয়ে বেঁধে বাথরুমে ঢুকিয়ে আটকে রাখে। খুনের হুমকি দিয়ে তাদের কাছ থেকে টহলরত পুলিশকে তারা কি ধরনের সংকেত দেয় সেটিও জেনে নেয় । রাত দেড়টা নাগাদ রাস্তায় টহলরত পুলিশ নিয়মমাফিক আলো জ্বালিয়ে কোন বিপদ আছে কিনা সংকেত জানতে চাইলে ডাকাত দল নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে শিখে নেওয়া আলোর সংকেত পুলিশদের লক্ষ্য করে পাঠায়। এরপর পুলিশ ও সেখান থেকে চলে যায়। রাত প্রায় আড়াইটে পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টা অপারেশন চালিয়ে পালিয়ে যায় ১৫-১৬জনের ডাকাতদলটি। সকালে এক নিরাপত্তারক্ষী কাজে এসে তাঁদের উদ্ধার করে।

এদিন নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন,ডাকাতদলের মধ্যে বেশ কয়েকজন পুলিশের পোশাক পড়েছিল। তারাই এসে প্রথমে ডাকাডাকি করায় তাঁরা দরজা খুলে দিয়েছিলেন পুলিশ ভেবে। ওদের কয়েকজনের কাঁধে বন্দুকও ছিল। উল্লেখ্য, বছর খানেক আগেও জেলা জুড়ে একইভাবে পুলিশের পোশাক পরে লাগাতার ডাকাতির ঘটনায় আতংক ছড়িয়েছিল। ইংরাজী বছরের শুরুতেই ফের সেই একই ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ডাকাতির খবর পেয়ে এদিন সকালেই এলাকা পরিদর্শনে আসেন রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার প্রজেক্ট ম্যানেজার শৈবাল মুখোপাধ্যায় সহ অনান্য আধিকারিকরা। ঘটনাস্থল ঘুরে দেখেন বর্ধমান সদর থানার আই সি সহ দেওয়ানদীঘি থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কোনো গ্রেপ্তারের খতনায় পাওয়া যায়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});