
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বাঙালি মহিলাদের কাছে সোনার গহনার আকর্ষণ চিরন্তন। আধুনিক সময়ে মহিলাদের অঙ্গসজ্জার বিকল্প দ্রব্য বাজারে এলেও সোনার গহনার গ্রহনযোগ্যতা আজও একই। রসগোল্লা বলতে যেমন বাংলার কথা মনে পড়ে, ঠিক তেমনি স্বর্ণশিল্প মানেও বাংলার নাম উঠে আসে। কিন্তু সময়ের হাত ধরে বাংলার সেই স্বর্নশিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটি, কেএনসি সার্ভিস ও জেম অ্যাণ্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে বাংলার স্বর্ণশিল্প কে বিশ্বের আঙিনায় তুলে ধরতে বেঙ্গল ইন্টারন্যাশনাল জুয়েলারি শো - এর পরিকল্পনা নেওয়া হয়ছে।
মঙ্গলবার উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানান হয়, আগামী ১২-১৪ জানুয়ারি তিনদিন ব্যাপী ইকো পার্কে আয়োজিত হতে চলেছে স্বর্ণশিল্প প্রদর্শনী। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রেসিডেন্ট সমর কুমার দে, আইবিজেএ রিজিওনাল প্রেসিডেন্ট পঙ্কজ পারেখ, কেএনসি সার্ভিস এমডি ক্রান্তি নাগভেঙ্কর সহ অন্যানরা। এদিন আয়োজকদের পক্ষ থেকে জানান হয়, তিনদিন ব্যাপী এই প্রদর্শনীর মূল লক্ষ্য আন্তর্জাতিক ক্ষেত্রে কলকাতা তথা বাংলার স্বর্ণ শিল্প কে বিশ্ববাজারে তুলে ধরা। বানিজ্যিক এই প্রদর্শনীতে প্রায় ২০টি দেশ ও ভারতের বিভিন্ন রাজ্য অংশগ্রহন করতে চলেছে। বাংলাদেশ স্বর্ণ সমিতি এই প্রদর্শনীতে যুক্ত থাকছে, এছাড়াও দুবাই থেকে স্বর্ণশিল্পীরা অংশ নিচ্ছে।
