
ফোকাস বেঙ্গল ডেস্ক,গালসিঃ মুহূর্তের অগ্নিকাণ্ডে একটি গরীব, অসহায়,পরিবারের শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেল। পরনের কাপড় ছাড়া কোন কিছুই আস্ত পাওয়া গেলনা। ঘটনা পুর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের পুরন্দগড় গ্রামে। গৃহিণী কল্পনা সেখ ফোকাস বেঙ্গলের প্রতিনিধিকে জানান, নয় বছর আগে স্বামী হারিয়েছেন। তারপর শুরু হয় বেঁচে থাকার কঠিন লড়াই। বর্তমানে দুই পুত্র আজারউদ্দিন (১৮) ও নাসিরুদ্দিন (২০) নিয়ে কোনক্রমে সংসার চালান। তিনি জানান, তার সম্বল বলতে একটুকরো দানের জায়গা আর সেখানে ছেলেদের মেহনতে কোনক্রমে তৈরী করা একটি মাটির বাড়ি। যেটি আচমকা আগুনে ভস্মীভূত হয়ে গেল।

কল্পনা সেখ জানিয়েছেন, আনুমানিক সন্ধা সাড়ে ছয়টা নাগাদ রান্না করার সময় আচমকা ওই আগুন লেগে যায়। তিনি খড়ের জ্বালানি দিয়ে রাতের রান্না করছিলেন। হাত ধোওয়ার জন্য পাশের চাপা কলে জল নিতে যায়। হটাত বাড়ির দিকে তাকাতেই দেখতে পান প্রচুর ধোঁয়া উড়ছে। তারপর চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। বাড়িতে রান্নার গ্যাস ও জ্বালানী কেরসিন তেল থাকায় মহুর্তের মধ্যে ওই আগুন সারা বাড়ি ছড়িয়ে পরে। বাদ যায়নি টাকা পয়সা, জামাকাপড় সহ বাড়িতে থাকা প্রতিবেশি পড়ুয়ার পাঠ্যপুস্তকও। সেই সময় বাড়ির ভিতরে ঘুমাচ্ছিল তার দুই পুত্র আজারউদ্দিন সেখ ও নাসিরুদ্দিন সেখ। ততক্ষণে বাড়ির দরজায় কাছে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে গেছে। প্রতিবেশিরা দেরী না করে ঝাঁপিয়ে পরে দেওয়াল ভাঁঙতে। প্রতিবেশিদের উদ্যোগে মাটির দেওয়াল ভেঁঙে আগুনে আটকে থাকা তার দুই ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এদিকে উদ্ধার করতে গিয়ে জলন্ত বাঁশে কল্পনা সেখ ও এক প্রতিবেশির হাত পুড়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

প্রতিবেশী ও স্থানীয় তৃণমূল নেতা সওকত আলি মন্ডল জানান, হঠাৎ তিনি খবর পান তাদের গ্রামের খাস পাড়ায় আগুন লেগেছে। তড়িঘড়ি লোকজন নিয়ে এসে উদ্ধারের কাজে নেমে পরা হয়। দেওয়াল ভেঁঙে বাড়িতে আটকে থাকা আজাউদ্দিন ও নাসিরুদ্দিন কে তারা অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই। একটি দরিদ্র ভুমিহীন পরিবারের সব কিছু এক নিমেষে শেষে হয়ে যায় বলে জানান তিনি। সওকত বাবু আরও জানান, তিনি গলসি ১ নং ব্লক তৃনমূল সভাপতি জাকির হোসেনকে রাতে উক্ত দুর্ঘটনার কথা টেলিফোনে জানিয়েছেন। ব্লক সভাপতির নির্দেশে রাতেই তারা ওই পরিবারটির আশ্রয়ের ব্যবস্থা করেন। এবং সোমবার তারা ওই পরিবারটিকে নিয়ে গলসি ১ নং ব্লক অফিসে উক্ত দুর্ঘটনার কথা লিখিত ভাবে জানাবেন। যাতে ওই পরিবারটি সরকারি সাহায্য পায়। তাছাড়া দলীয়ভাবে ওই পরিবারটিকে আর্থিক সাহায্য দিয়ে তাঁদের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন সওকত আলি মন্ডল।
