
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শনিবার রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। আর সাথে সাথেই রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের মধ্যেও শুরু হয়ে গেছে যুদ্ধকালীন তৎপরতা। আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন পত্র জমা নেবার কাজ। এবং তা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। স্বাভাবিকভাবেই মনোনয়ন পত্র জমা নেবার কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার সময় প্রায় ছিলই না প্রশাসনের হাতে। তাই ২৪ঘন্টার মধ্যে চিঠি দিয়ে জানিয়ে রবিবার সেই সংক্রান্ত প্রশিক্ষণের কর্মশালা আয়োজিত হল বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে। এদিন প্রথম দফায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর ও দক্ষিণ এবং দ্বিতীয় দফায় কালনা ও কাটোয়া মহকুমার পঞ্চায়েত রিটার্নিং অফিসার এবং এ্যাসিস্ট্যাণ্ট রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হল।
ত্রিস্তর পঞ্চায়েত ভোটের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, হাতে সময় কম থাকায় একদিনের মধ্যেই ৪টি মহকুমার পঞ্চায়েতের রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ৪৫০জন অফিসার হাজির ছিলেন। মূলত মনোনয়ন পত্র তোলা ও জমা দেবার ক্ষেত্রে এবং মনোনয়ন পরীক্ষার ক্ষেত্রে কি কি বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পরীক্ষা করে দেখে নিতে হবে সে বিষয়ে এদিন উপস্থিত সকলকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত ভোট হবে ১মে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ৩২৩৪টি গ্রাম পঞ্চায়েত, ৬১৮টি পঞ্চায়েত সমিতি এবং ৫৮টি জেলা পরিষদ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে ২৬৫৯টি বুথএলাকার (প্রেমিসেস) মোট ৩৮৩০টি বুথে। পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটার রয়েছেন ৩১,৮০,৭৬১জন।
