Headlines
Loading...
বর্ধমান জেলা পরিষদের ৮০৫ কোটি টাকার খসড়া বাজেট পেশ

বর্ধমান জেলা পরিষদের ৮০৫ কোটি টাকার খসড়া বাজেট পেশ


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ২০২০ -২০২১ আর্থিক বছরের জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ ৮০৫ কোটি টাকার খসড়া বাজেট পেশ করল সোমবার। এদিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের এ্যানেক্সে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে আগামী আর্থিক বছরের প্রস্তাবিত বাজেট ছাড়াও জেলা পরিষদের বার্ষিক অধিবেশনও করা হয়। 

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, এদিন প্রস্তাবিত ৮০৫ কোটি ৯৪ লক্ষ ৮৯ হাজার ৭১০ টাকার খসড়া বাজেট পেশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারীর মধ্যে জেলা পরিষদের সদস্যদের কাছ থেকে এই বাজেট সংক্রান্ত সংশোধন বা সংযোজনের জন্য কোনো কিছু থাকলে তা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া বাজেটে সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতিতে ২৯৫ কোটি ৪৭ লক্ষ ৫৯ হাজার ৭৭৬ টাকা। এরপরেই রয়েছে পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতি খাতে বরাদ্দ করা হয়েছে ২৫৭ কোটি ৬৮ লক্ষ ৯৪ হাজার ১০২ টাকা। 

এদিন এই বাজেট এবং বার্ষিক সাধারণ বৈঠকে সদস্যরা নিজ নিজ এলাকার কাজ কর্ম নিয়ে রীতিমত ক্ষোভ উগরে দেন। দীর্ঘদিন ধরে বিশেষত রাস্তার কাজ না হওয়ায় তাঁদের জনসাধারণের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন। কাটোয়ার জেলা পরিষদ সদস্য মণ্ডল আজিজুল এদিন ধান কেনা নিয়ে রাইসমিলগুলির খাদ বাবদ বেশি ধান বাদ দেওয়া নিয়ে জেলা পরিষদের হস্তক্ষেপ চান। 

যদিও এদিন এব্যাপারে জেলা পরিষদের সহকারী সভাধিপতি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে গণতন্ত্র আছে বলেই বৈঠকে খোলামেলা বক্তব্য জানাতে পেরেছেন সদস্যরা। অন্য দলে হাত তুলে সম্মতি জানানো ছাড়া খোলামেলা বক্তব্য রাখার জায়গা থাকে না। তিনি জানিয়েছেন, এদিন বিভিন্ন সদস্য তাঁদের সমস্যা তুলে ধরেছেন। তাঁরা সকলকে নিয়েই আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});