
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ফের কাঠগড়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসক ও নার্সদের দুরব্যাবহার, অবহেলা এবং ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠলো। গত মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসীর গুড়ুম্বা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাগ্দী তার দু বছরের শিশুপুত্র রনিতকে জ্বরের উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন। রনিতের জ্বর ছাড়ছিল না।
মৃত শিশুপুত্রের বাবা বিদ্যুৎ বাগ্দীর অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর থেকেই কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা তাদের সঙ্গে রীতিমত খারাপ ব্যবহার করেন। তাদের এমনও বলা হয় সামান্য জ্বরের জন্য হাসপাতালের বেড দখল করে রাখা হয়েছে। সোমবার ভোরে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এরপরই পরিবারের সদস্যরা চরম ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। তারা হাসপাতালের সুপারের কাছে দোষী চিকিৎসক ও নার্সদের শাস্তি দাবী করে অভিযোগ পত্র জমা দেন। পাশাপাশি শিশু মৃত্যুর সঠিক তদন্ত দাবী করা হয়। হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানান অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
