ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ বকেয়া ঋণ নিয়ে কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করলেন স্বামী-স্ত্রী। ঘটনাটি কালনা থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিমপুর গ্রামের। স্ত্রী সোমা বর্মনের (২৫) শনিবার এবং স্বামী গৌর বর্মনের (২৮) মৃতদেহের রবিবার কালনা হাসপাতালে ময়নাতদন্ত হয়।
মৃত দম্পত্তির প্রতিবেশী অশোক পাকড়ে জানান, সম্পুর্ন ক্ষেতমজুর পরিবারের এই দম্পত্তির মধ্যে বকেয়া ঋণ পরিশোধ করা নিয়ে গত বৃহস্পতিবার সকালে কলহ বাধে। তার জেরে সোমা বর্মন বিষপান করলে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমার বাপের বাড়ির লোকজন গৌরকে ব্যাপক অপমান এমনকি মারধর পর্যন্ত করেন বলে অভিযোগ। শুক্রবার রাতের দিকে সোমার মৃত্যু হয়। শনিবার কালনা হাসপাতালে যখন সোমার মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছে, ঠিক তখনই গৌর বর্মন বিষপান করে বসে। আশঙ্কাজনক অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি করার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

