
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান পৌরসভার পক্ষ থেকে 'মানবী' প্রকল্পের অধীনে ৬০ জন প্রতিবন্ধীদের হাতে প্রতিবন্ধী শংসাপত্র তুলে দেওয়া হল সোমবার। এই উপলক্ষে পুরসভার চেয়ারম্যান ডাঃ স্বরূপ দত্ত জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবন্ধীদের শংসাপত্র পাওয়ার ক্ষেত্রকে আগের থেকে আরও সহজ ও সরল করে দিয়েছেন। আগে ৭০ থেকে ৮০ শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে এমন প্রার্থীরা সরকারি সাহায্যের জন্য আবেদন করেতে পারতেন।পেতেন প্রতি মাসে ৪০০ টাকা। কিন্তু এখন ৫০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলেই আবেদন করা যাবে।সেক্ষেত্রে প্রতি মাসে প্রার্থী পাবেন এক হাজার টাকা। আর সেই কারনেই বর্ধমান পুর এলাকার বহু প্রার্থীর আবেদন জমা পরেছে শংসাপত্রের জন্য। এদিন শহরের বিভিন্ন ওয়ার্ডের ৬০ জন প্রতিবন্ধী মানুষকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আগামী দিনেও এই প্রক্রিয়া জারি থাকবে।
স্বরূপ দত্ত জানিয়েছেন, সমাজ কল্যান দপ্তরের উদ্যোগে জেলা শাসকের তত্ত্বাবধানে এবং পৌরসভার তদারকিতে এই প্রতিবন্ধীদের শংসাপত্র দেওয়ার কাজ চলবে। প্রতি বছর জেলা শাসকের দপ্তর থেকে এই শংসাপত্র পুনঃনবীকরণ করতে হবে।
এদিন শংসাপত্র প্রদান উপলক্ষে চেয়ারম্যান ছারাও পুরসভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান খন্দকার মহঃ সাহিদুল্লাহ, এমসিআইসি খোকন দাস সহ অন্যান্য কাউন্সিলারবৃন্দ।
