
পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ বিপজ্জনক সেতুর ওপর দিয়েই প্রাণ হাতে করে চলছে যানবাহন। বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে ক্ষোভ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। বালুরঘাটের ব্রিজকালী সেতু। ব্রিজের চারপাশ দিয়ে শাখা মেলেছে গাছ। দেখা দিয়েছে ফাটল। বিপজ্জনক অবস্থায় রয়েছে এই সেতু। আর তার উপর দিয়েই প্রতিদিন চলাচল করছে শতাধিক যাত্রীবাহী, বাস, ট্রাক, ট্রেকার, ম্যাক্সি সহ বিভিন্ন গাড়ি। অভিযোগ, এনিয়ে কোনও ভ্রূক্ষেপ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষর। বিষয়টি জানার পর সেতু সংস্কারের বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট পৌর কর্তৃপক্ষ।
বালুরঘাট শহরের বেলতলা পার্ক এলাকায় রয়েছে ওই সেতু। শহরের মধ্য দিয়ে ৫১২ নম্বর জাতীয় সড়কটির মধ্যে পড়েছে সেটি। ষাটের দশকে আত্রেয়ী খাঁড়ির উপর তৈরি এই সেতুটি বেশ সরু। বর্তমানে সেতুর অনেক জায়গায় ফাটল ধরেছে। একটা দিক বসেও গেছে। অথচ ওই সেতুর উপর দিয়ে প্রতিদিন শহরের যানবাহন তো বটেই, যাতায়াত করে ৪০০ থেকে ৫০০ যাত্রীবাহী, বাস, ট্রাক, ট্রেকার, ম্যাক্সি সহ বিভিন্ন গাড়ি। সেইসঙ্গে চলাচল করে পণ্যবাহী লরি। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থায় নতুন বা বিকল্প সেতু তৈরির দাবি উঠেছে।
এবিষয়ে বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশানের সম্পাদক খোকন সেন বলেন, বারবার সেতুটি সংস্কারের দাবি তোলা হয়েছে। রাস্তা চওড়া হলেও সেতুটি সেই একই অবস্থায় রয়ে গেছে। অথচ প্রধান রুটগুলিতে যাওয়ার একমাত্র রাস্তা এটি। কিন্তু, চারিদিকে দুর্ঘটনা ঘটলেও নজর নেই কারও। যাত্রীবাহী গাড়িগুলি ওই সেতুর উপর দিয়ে চলাচল করে। তাই মাথাব্যথা তাঁদেরই বেশি। তাই পুরোনো সেতুটি বন্ধ করে নতুন সেতু গড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে এবিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য (পূর্ত বিভাগ) শংকর দত্ত জানান, আগে রাস্তাটি রাজ্য সরকারের অধীনে থাকলেও বর্তমানে তা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। তারা এব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না। দ্রুত সেতু মেরামত করতে সংশ্লিষ্ট বিভাগে দাবি জানাবেন। সেতুটি সংস্কার কিংবা পাশেই নতুন সেতু যাতে গড়ে ওঠে তার চেষ্টা করবেন তাঁরা।
