
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির নির্দেশে গোটা দেশের পাশাপাশি রাজ্যের চিহ্নিত সিনেমাহলগুলিতে 'নালসা থিম সং' প্রদর্শিত হচ্ছে কিনা তা নিয়ে শুরু হল জোরদার নজরদারী।
বর্ধমান জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক জয়প্রকাশ সিং জানিয়েছেন, আইনী পরিষেবা কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষ কি কি ধরণের আইনী পরিষেবা পেতে পারেন সে সম্পর্কিত বিষয় নিয়েই জাতীয় স্তরে তৈরী করা হয়েছে বিভিন্ন ভাষায় একটি থিম সং। ইতিমধ্যেই গোটা দেশের পাশাপাশি বাংলার বিভিন্ন সিনেমাহলগুলিতেও এই থিম সংকে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।কিন্তু আদপেই তা যথাযথভাবে দেখানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে প্রতিটি সিনেমাহলেই শুরু করা হয়েছে নজরদারী।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী থেকে এই প্রচার শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় মোট ৭টি সিনেমাহলে এই প্রচার করা হচ্ছে। জয়প্রকাশবাবু জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা অভিযোগ পেয়েছেন, কয়েকটি সিনেমাহলে নির্ধারিত সময়ের ওই ভিডিওটি দেখানো হচ্ছে না। এব্যাপারে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট সিনেমাহলের বিরুদ্ধে।
ছবি - সুরজ প্রসাদ
