
ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: ১১৩ দিন পর শনিবার জামিনে মুক্তি পেলেন বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের ৩ বারের প্রাক্তন বিধায়ক তথা সিপিআই (এম )-এর জেলা কমিটির সদস্য মনোরঞ্জন পাত্র।
তালডাংরা থানার ঢেমনামারা গ্রামের একটি খুনের মামলায় গত ৫ অক্টোবর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি জেলেই ছিলেন। এদিন দলের এই দাপুটে নেতাকে স্বাগত জানাতে বাঁকুড়া সংশোধনাগারের গেটে হাজির হয়েছিলেন সিপিএম জেলা সম্পাদক অজিত পতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম,প্রতীপ মুখার্জী, তাপস চক্রবর্তী যদুনাথ রায় প্রমুখ নেতৃবৃন্দ সহ অগুনিত দলীয় কর্মী সমর্থক।
সিপিআইএমের দলীয় সূত্রে জানতে পারা গিয়েছে,গত ৫ফেব্রুয়ারি কলকাতা উচ্চ আদালত মনোরঞ্জন পাত্রের জামিন মঞ্জুর করেছিল। আদালত সংক্রান্ত সেই কাগজপত্র খাতড়া জেলে জমা দেওয়ার পর শনিবার তাঁকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য,তালডাংরার ঢ্যামনামারা গ্রামে এক তৃনমূল কর্মী খুন হন। এই ঘটনায় প্রথম থেকেই সিপিএম নেতাদের অভিযোগ ছিল,পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাকে। এমনকি মৃতের বাড়ি থেকে যে অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছিল তাতেও মনোরঞ্জন পাত্রের নাম ছিল না। সেই সময় সংবাদ মাধ্যমেও বিষয়টি তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই প্রকাশ হয়েছিল।সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে মূল অভিযুক্তকে দিয়ে জোর করে মনোরঞ্জন পাত্রের নাম বলিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগে তারা সে সময় আন্দোলনও সংগঠিত করেছিল।
