
ফোকাস বেঙ্গল ডেস্ক,ঢাকা:অনাথদের জন্য বিদেশী আর্থিক সাহায্য আত্মসাৎ করার অভিযোগে পাঁচ বছরের জেল হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। অভিযোগ, অনাথদের জন্য জিয়া অরফানেজ ট্রাস্ট-এর নামে কুয়েত থেকে ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার ৬৭১ হাজার টাকা অনুদান হিসাবে আসে। সেই টাকা অনাথদের জন্য খরচ না করে আত্মসাৎ করেছিলেন বেগম জিয়া। ঘটনার তদন্তে নামে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষ করে ২০০৮ সালের ৩ জুলাই ঢাকার রমনা থানায় খালেদা জিয়ার নামে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদন্ড হল খালেদা জিয়ার। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তাঁর পুত্র তারেক রহমান লন্ডন থেকেই বিএনপি দলের হয়ে কার্যভার দেখাশোনা করেন । টানা ৩৬ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া এর আগেও একবার কারারুদ্ধ হন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে তাকে রাখা হয়েছিল। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় খালেদা পুত্র তারেক রহমান সহ শীর্ষ বিএনপি নেতৃত্বকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে ঢাকা আদালত। তবে এই মামলার প্রধান আসামী ছিলেন খালেদা জিয়াই।
নাজিম উদ্দিন রোডের কারাগারের পথে খালেদা। ছবি - সংগৃহিত
