ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: স্কুলের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে সামনে আনতে তাদের দিয়ে বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন। এবিষয়ে পূর্ব বর্ধমান জেলা সর্বশিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার একটি প্রশাসনিক বৈঠকও অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধুরী সহ বর্ধমান শহরের বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক এবং বিজ্ঞান শিক্ষকরা।
বৈঠক শেষে জেলাশাসক জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে সুপ্ত বিজ্ঞান চেতনাকে সামনে আনতে নবম দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে তারা একটি বিশেষ প্রকল্পের আয়োজন করেছেন। বর্ধমান বিবেকানন্দ কলেজকে কেন্দ্র করে আশপাশের ১৫টি স্কুলকে নিয়ে প্রথম দফায় প্রকল্পটি চালু করা হবে। বিবেকানন্দ কলেজে একটি করে ড্রপ বক্স রাখা হচ্ছে। ছাত্রছাত্রীরা তাদের বিজ্ঞানভিত্তিক আবিষ্কার এবং তাদের মধ্যে থাকা উদ্ভাবনী শক্তির বিষয়ে লিখিত আকারে ওই ড্রপ বক্সে জানাবে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উল্লিখিত বিষয়টিই তাদের তৈরী করতে বলা হবে। পাশাপাশি প্রথম দফায় ১৫টি স্কুলের বিজ্ঞান শিক্ষকদের বিজ্ঞান পড়ানোর ওপর একটি করে স্বল্প সময়ের তথ্যচিত্র বানাতে বলা হয়েছে।
জেলাশাসক জানিয়েছেন, বিজ্ঞান বিষয়ক লার্নিং মেটিরিয়াল তৈরীর জন্য দুর্গাপুর এনআইটিকে বলা হয়েছে। এছাড়া প্রকল্পে অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে থেকে প্রতি স্কুলের তিন জন পড়ুয়াকে সায়েন্স মিউজিয়ামে নিয়ে যাওয়ার পাশাপাশি ঐসব স্কুলের বিজ্ঞান শিক্ষার ওপর তৈরী তথ্যচিত্র দেখানো হবে প্রকল্পের বাইরে থাকা স্কুলগুলিকেও।

